আমরা ইতোমধ্যে জেনেছি প্রায় ৯৩ শতাংশ কমিউনিকেশন হয় অ-মৌখিকভাবে।অর্থাৎ কমিউনিকেশনের বেশিরভাগটাই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ঘটে। একজন ব্যক্তি কি বলতে বা প্রকাশ করতে চান সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেই প্রকাশিত হয়।প্রকৃত বার্তাটি ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ থেকে আসে- এজন্য বডি ল্যাঙ্গুয়েজ পড়তে বা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য ব্যক্তি কি আসলে কি প্রকাশ করতে চায় সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে  বুঝতে পারা  সম্ভব । এধরণের তথ্যগুলো আপনার জীবনকে কিছুটা সহজ করে দিতে পারে।

বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে পড়তে হয় এটা বেশিরভাগ মানুষই জানেনা।কিন্তু এটা না জানা স্বত্বেও অধিকাংশ মানুষ অন্য ব্যক্তির সংকেতগুলো ঠিকই বুঝতে পারে।একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার  বোঝা যাবে।ধরুন, আপনি একটি রুমে প্রবেশ করেছেন, যেখানে কয়েকজন মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, আপনি কিন্তু বুঝতে পারবেন তারা কি বন্ধুবৎসল হয়ে কথা বলছে নাকি নিজেদের মধ্যে তর্ক করছে।রুমের  লোকজনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে তাৎক্ষণিকভাবে তাদের মেজাজ সম্পর্কে জানিয়ে দেবে। যদি আপনাকে প্রশ্ন করা হয় - আপনি এটা কিভাবে বুঝলেন? আপনি ব্যাখ্যা দিতে পারবেন না।

সঠিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ পড়তে বা বুঝতে পারার ক্ষমতা অন্য যেকোনো দক্ষতার মতোই একটি দক্ষতা।শার্লক হোমস ও তাঁর পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা আমরা সবাই করি।  গোয়েন্দা,  এফবিআই এজেন্ট,  ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্মী, গুপ্তচর,  পেশাদার জুয়াড়ি,  ম্যাজিশিয়ান এবং তাদের মতো আরও অনেকেই বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারার বিদ্যায় প্রশিক্ষনপ্রাপ্ত।এরা এই দক্ষতা ব্যবহার করে আপনাকে বোকা বানায়, তারা যা নয় সেটাই আপনাকে দিয়ে বিশ্বাস করায়। 

এমন অনেকগুলো সংকেত আছে যেগুলো আপনার শরীর অনিচ্ছাকৃতভাবে পাঠায়। উদাহরণস্বরুপ, বমি করা দেখে কিংবা খাবার প্লেটে নোংরা দেখলে আপনি মুখ বিকৃত করেন, একটা ছোট্ট বিড়ালছানা খেলা করছে অথবা  বাহারি ফুল ফুটে আছে এমন দৃশ্য দেখে আপনি খুশি হতে পারেন কিংবা একটি ঘোড়া বন্ধনহীন উচ্ছ্বাসে ছুটছে দেখে উৎফুল্ল হতে পারেন।এই সংকেতগুলো সম্পর্কে জ্ঞান  কমিউনিকেশন বা যোগাযোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আপনি যে বার্তা পাঠাতে  চান শুধুমাত্র সেটাই পাঠাতে পারবেন।


বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারার দক্ষতা আপনাকে সাহায্য করবেঃ
- নেতৃত্ব প্রতিষ্ঠা করতে এবং প্রতিযোগিতা স্বত্বেও তা বজায় রাখতে;
- আনুষ্ঠিক অথবা অনানুষ্ঠানিক যেকোনো স্থানে বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক পরিবেশ তৈরি করতে;
- অন্যকে প্ররোচিত করার ক্ষমতা আরও সুক্ষ্ম ও বর্ধিত করতে এবং আপনি অন্যকে দিয়ে যা করাতে চান তা করিয়ে নিতে;
-মানুষের অাস্থা অর্জনে;
- ভালো বন্ধু, সহকর্মী, চাকরিদাতা ইত্যাদি নির্বাচন করতে।


এখানে সামান্য কয়েকটি সুবিধার কথা উল্লেখ করা হলো যা আপনি বডি ল্যাঙ্গুয়েজ পড়ার ক্ষমতা দ্বারা  অর্জন করতে পারবেন। সবথেকে বড় সুবিধা হলো আপনি অধিকাংশ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কেননা আপনি কেবল অন্যের বডি ল্যাঙ্গুয়েজই পড়ছেন না বরং এটাও জানতে পারছেন কোন পরিস্থিতিতে এবং কোথায় কোন সংকেতটি পাঠানো উচিত।সাফল্যের অব্যর্থ কৌশলের মতো শোনাচ্ছে!

[ চলবে...]